ফাইল ছবি
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইকুইটি (ঋণাত্মক মূলধন) এবং আনরিয়েলাইজড লস রয়েছে, সেগুলো সমন্বয়ের জন্য ২০৩০ সাল পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ জন্য ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। পাশাপাশি নেগেটিভ ইকুইটির বিপরীতে বিনিয়োগকারীদের ওপর নতুন করে কোনো আর্থিক দায় চাপানো যাবে না। এ সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নগদ লভ্যাংশও দিতে পারবে না।
গত ১০ নভেম্বর বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০৮৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইকুইটির ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিকভাবে প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইকুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে।
তবে ২০২৬ সালের মধ্যে নতুন করে সৃষ্ট নেগেটিভ ইকুইটির বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একই বছর প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ, নতুন করে সৃষ্ট নেগেটিভ ইকুইটি পরবর্তী বছরগুলোর জন্য নির্ধারিত প্রভিশন সংরক্ষণের আওতায় আনা যাবে না। এটি সংশ্লিষ্ট বছরের মধ্যেই সমন্বয় করতে হবে।
এদিকে নেগেটিভ ইকুইটিতে থাকা হিসাবগুলোর বিপরীতে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। এসব হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রি করে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস করা যাবে। তবে এ ধরনের শেয়ার কেনার বিপরীতে নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না।
এ ছাড়া পেন্ডিং ও সমন্বয়কালীন সময়ে সংশ্লিষ্ট বিও হিসাবে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। নেগেটিভ ইকুইটিযুক্ত হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না। তাঁদের ওপর অতিরিক্ত আর্থিক দায়ও চাপানো যাবে না। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংক কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
কমিশনের মতে, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
এটিবির কোম্পানিকে মূল বোর্ডে আসার নির্দেশ
এদিকে বিকল্প লেনদেন ব্যবস্থা বা অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত যেসব কোম্পানি কনসেন্ট লেটারের শর্তে তালিকাভুক্ত হয়েছে, সেগুলোকে মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন করতে নির্দেশ দিয়েছে বিএসইসি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।
বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত যেসব কোম্পানি মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির যোগ্য, সেগুলোর বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান লিস্টিং রেগুলেশনস ও প্রয়োজনীয় তালিকাভুক্তির শর্ত অনুসরণ করতে হবে।
আইপিও অনুমোদনে চালু হচ্ছে সিঙ্গেল উইন্ডো
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন পর্যালোচনা প্রক্রিয়া আরও কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নতুন পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিএসইসিতে আইপিও আবেদন জমা দিতে হবে। আবেদন পর্যালোচনার সময় কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে জানাতে পারবে। এরপর স্টক এক্সচেঞ্জ নিজস্ব পর্যালোচনা ও বিবেচনার ভিত্তিতে কমিশনের কাছে সুপারিশ দাখিল করবে।
বিএসইসির মতে, এ পদ্ধতিতে আইপিও আবেদন পর্যালোচনা প্রক্রিয়া কোম্পানিগুলোর জন্য সহজ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি সামগ্রিক অনুমোদন প্রক্রিয়ায় গতিশীলতা আসবে।
ইসলামি ব্যাংকের পরিচালকদের লভ্যাংশ হিসাব পরিচালনায় ছাড়
ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এমন কোনো পরিচালক যদি ইসলামি কোম্পানির পরিচালক হন, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকে ওই কোম্পানির লভ্যাংশ হিসাব পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ শিথিল করেছে কমিশন।
এ বিষয়ে ২০২১ সালের ১৪ জানুয়ারি জারি করা বিএসইসির নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধন আনার সিদ্ধান্ত হয়েছে। নতুন নির্দেশনা জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এএইচ/পিএস