ছবি: সংগৃহীত
ঢাকা: ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতি বন্ধে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধন করা হচ্ছে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ বন্ধ, একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা কমানো এবং পরিচালকদের মেয়াদ অর্ধেক করার প্রস্তাব করা হয়েছে। এরই মধ্যে সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।
প্রস্তাব অনুযায়ী, সরকারের মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা কোনো ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা হতে পারবেন না। ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্য থাকার সর্বোচ্চ সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন করার প্রস্তাবও রয়েছে।
শুধু তাই নয়, পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর একই ব্যাংকের পরিচালক হতে হলে তিন বছর বিরতি দিতে হবে।
পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ২০ সদস্যের পরিচালনা পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান থাকলেও নতুন প্রস্তাবে তা বাড়িয়ে চারজন করার কথা বলা হয়েছে। ২০ জনের কম পরিচালক থাকলে স্বতন্ত্র পরিচালক রাখতে হবে অন্তত তিনজন।
এদিকে, ব্যাংকের শেয়ার ধারণের ক্ষেত্রেও আসছে পরিবর্তন। বিশেষ পরিস্থিতিতে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য শেয়ার ধারণের নির্ধারিত সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
খেলাপি ঋণ আদায়েও কঠোর হচ্ছে সরকার। কোনো পরিচালকের পদ শূন্য হলে তাঁর কাছে ব্যাংকের পাওনা অর্থ আদায়ে সংশ্লিষ্ট পরিচালকের শেয়ার সমর্পণের বিধান রাখা হচ্ছে। এরপরও অর্থ বকেয়া থাকলে তা সরকারি পাওনা হিসেবে আদায় করা যাবে। পাশাপাশি পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ বন্ধের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের অনুপস্থিতি, পর্ষদ বাতিলের পরবর্তী কার্যক্রম, আইন লঙ্ঘনে জরিমানা বৃদ্ধি এবং ব্যাংকের সংঘবিধি পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, এসব উদ্যোগ কার্যকর হলে ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক এবং রাজনৈতিক প্রভাব কমবে। একই সঙ্গে ঋণ অনিয়ম ও ব্যাংক লুটপাটের সুযোগ সীমিত হবে। তবে ব্যাংক খাতে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠায় শুধু আইন সংশোধন নয়, এর কঠোর বাস্তবায়নও জরুরি।
এএইচ/পিএস