বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে বিকেলে জনবল কাঠামো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, বেসরকারি স্কুল ও কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত বাড়ানো হয়েছে। আগে এসব পদে নিয়োগ পেতে ১২ থেকে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন ছিল, যা এখন বাড়িয়ে ১৮ বছর করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগে এসব পদে নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে বিষয়টি নিয়ে সরকার-সমর্থিত এক সংসদ সদস্য ও বেসরকারি শিক্ষক নেতাদের আপত্তির পর আলোচনা করে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় নিয়োগ এনটিআরসিএর মাধ্যমেই হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতেই অভিজ্ঞতার শর্ত বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ হলে তুলনামূলকভাবে জুনিয়র শিক্ষকরা এগিয়ে যেতে পারেন—এমন আশঙ্কা থেকেই অভিজ্ঞতার সময়সীমা বাড়ানো হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :