বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে দেশজুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, কক্সবাজারে জিলহজের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে বৃহস্পতিবার দেশে ঈদুল আজহা পালিত হবে।
ঈদ উপলক্ষে সরকারি ছুটিও ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে।
অন্যদিকে, সংবাদপত্র শিল্পেও ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) জানিয়েছে, ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ছুটি পালন করা হবে। ফলে ২৭ থেকে ৩০ মে পর্যন্ত কোনো দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানেও থাকছে দীর্ঘ ছুটি। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
সে হিসাবে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের বিরতি পাচ্ছে।
এদিকে দেশের সব মাদরাসায় ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হবে এবং তা চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসা শিক্ষার্থীরা টানা প্রায় ২৩ দিনের ছুটি উপভোগ করতে পারবে।
এম
আপনার মতামত লিখুন :