ঢাকা ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়, এবার তার ব্যতিক্রমী খাদ্যাভ্যাস নিয়ে। অভিনয়ের পাশাপাশি নিজের জীবনযাপন, ফিটনেস ও সচেতনতা নিয়ে বরাবরই সরব এই তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গত তিন বছর ধরে নিজেকে ‘প্যাস্কিটেরিয়ান’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে ধীরে ধীরে তার খাদ্যাভ্যাসে আরও বড় পরিবর্তন আসছে।
জয়ার ভাষায়, তিনি খেতে ভালোবাসেন এবং নিজের তৃপ্তির জন্য খাওয়া জরুরি বলেও মনে করেন। তবে এখন মাছ বা ডিম খেতেও অস্বস্তি বোধ করছেন তিনি। তার কথায়, “ইদানিং ডিমও খেতে পারছি না, মাছও না—মনে হয় যেন প্রাণী হত্যা করছি।”
এই মানসিক পরিবর্তনের পেছনে রয়েছে প্রাণী অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা। তিনি বলেন, এ বিষয়ে কাজ করতে গিয়েই তার মধ্যে এমন অনুভূতি তৈরি হয়েছে। এমনকি মাংস খাওয়ার ক্ষেত্রেও এখন এক ধরনের অপরাধবোধ কাজ করে তার মধ্যে।
তবে ব্যক্তিগত অনুভূতি সত্ত্বেও সবার জন্য সুষম খাদ্যের গুরুত্বও তুলে ধরেন এই অভিনেত্রী। বিশেষ করে নারীদের জন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ জরুরি বলেও মত দেন তিনি।
খাবারের ব্যাপারে নিজের পছন্দ-অপছন্দ নিয়েও মজার তথ্য দিয়েছেন জয়া। শুটিং সেটে শিঙাড়া, কাঁচা মরিচ আর পেঁয়াজ না থাকলে তার মেজাজ খারাপ হয়ে যায় বলেও জানান তিনি। এটিকে তিনি রসিকতা করে “শুটিংয়ের জাতীয় খাবার” বলে উল্লেখ করেন।
এছাড়া প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তার দিনের অপরিহার্য অংশ। ছোটবেলা থেকেই সবজি ও কাঁচা খাবারের প্রতি ঝোঁক রয়েছে বলেও জানান তিনি।
সব আলোচনায় ফেরিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের প্রশ্ন, জয়া আহসান কি ডিম-মাছ খাওয়া বন্ধ করতে পেরেছেন? নাকি শুধু ভাইরাল হওয়ার জন্যই এ কথা বলেছেন।
আপনার মতামত লিখুন :