ব্যক্তিগত জীবনের একের পর এক ভাঙনের অভিজ্ঞতা নিয়ে এবার খোলামেলা কথা বললেন মালয়ালম অভিনেত্রী মীরা বাসুদেবান। তিনটি ব্যর্থ বিয়ে তার জীবনের মূল্যবান সময় কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। জানান, দীর্ঘ ১৭ বছর তিনি এমন সম্পর্কের পেছনে ব্যয় করেছেন, যা শেষ পর্যন্ত তাকে মানসিকভাবে ক্লান্ত ও হতাশ করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা জানান, জীবনের সেই সময়গুলো যদি ক্যারিয়ার, পরিবার কিংবা নিজের উন্নয়নে ব্যয় করতেন, তাহলে হয়তো আজকের অবস্থান আরও ভিন্ন হতে পারত। তিনি বলেন, অনেক স্বপ্ন ও সম্ভাবনা থাকা সত্ত্বেও ভুল সম্পর্কের কারণে নিজের অনেক কিছু হারিয়েছেন।
২০০৩ সালে রুলস: পেয়ার কা সুপারহিট ফরমুল সিনেমায় মিলিন্দ সুমন-এর বিপরীতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন মীরা। পরে মালয়ালম চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। বিশেষ করে থানমাথরা-তে মোহনলাল-এর সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়।
সাক্ষাৎকারে মীরা বলেন, তিনি প্রায়ই নিজের ছেলেকে বলেন যে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো তিনি ভুল সিদ্ধান্তের পেছনে নষ্ট করেছেন। পরিবারকে সময় দেওয়া, নিজের ক্যারিয়ার গড়া কিংবা ব্যক্তিগত সুখ খুঁজে নেওয়ার পরিবর্তে তিনি এমন সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, যেখানে সম্মান বা মূল্যায়ন পাননি।
এর আগেও নিজের দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এই অভিনেত্রী। চলতি বছরের শুরুতে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি জানান, অতীতের ভুলগুলো তিনি মেনে নিয়েছেন এবং এখন নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বর্তমানে অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত সময় কাটছে তাঁর।
মীরার প্রথম বিয়ে হয়েছিল ২০০৫ সালে বিশাল আগারওয়ালের সঙ্গে। কয়েক বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়। পরে ২০১২ সালে তিনি মালয়ালম অভিনেতা জন কোক্কেন-কে বিয়ে করেন। তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে। তবে সেই সংসারও টেকেনি। এরপর তৃতীয়বারের মতো চিত্রগ্রাহক ভিপিন পুথিয়ানকমের সঙ্গে সংসার শুরু করলেও সেটিও বিচ্ছেদে শেষ হয়।
অভিনয়ের পাশাপাশি নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও খোলামেলা অবস্থানের কারণে আবারও আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
এম
আপনার মতামত লিখুন :