‘বান্ধবীরা হয়ে গেল দাদী-নানী, পূর্ণিমা এখনো চিরতরুণী’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:০৬ পিএম
‘বান্ধবীরা হয়ে গেল দাদী-নানী, পূর্ণিমা এখনো চিরতরুণী’

ছবি: সংগৃহীত

ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নব্বইয়ের দশক থেকে আজ অবধি নিজের রূপ আর অভিনয়ের জাদুতে দর্শক মাতিয়ে রেখেছেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিন্নধর্মী ও আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা।

ফেসবুকে ভিডিওটি শেয়ার করে পূর্ণিমা লিখেছেন, আমার শাশুড়ি আম্মা দাঁড়িয়ে আমাদের ছবি তোলা দেখছেন। আর এই হলো আমার সেই বান্ধবীরা। ভিডিওতে দেখা যায়, একটি সবুজ প্রাঙ্গণে জমকালো সাজে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। সেখানে একে একে চারজন গ্রামীণ সাধারণ পোশাক পরিহিত নারী এসে তাঁর সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন এবং খুনসুটিতে মেতে উঠছেন।

তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় তুমুল কৌতূহল তৈরি হয়েছে। ভিডিওর নারীদের পূর্ণিমার চেয়ে বয়সে অনেক বড় মনে হচ্ছে। নেটিজেনদের একজন রসিকতা করে লিখেছেন, আপনি তো বিশ্ব রেকর্ড করলেন! আপনার বান্ধবীগুলো হয়ে গেল দাদী-নানী, আর আপনি এখনো চিরতরুণী। অনেকে আবার মন্তব্য করেছেন, নারী আসলে যত্নে রত্ন হয়ে থাকে, আর অযত্নে দ্রুত বৃদ্ধ হয়ে যায়।

বান্ধবীদের বয়স যেমনই দেখাক, ক্যারিয়ারের শীর্ষে থেকেও নিজের শিকড় ও বন্ধুদের বুকে জড়িয়ে ধরার এই অমায়িক ব্যবহার নেটিজেনদের মন জয় করে নিয়েছে। দিনশেষে বয়স তো কেবলই একটা সংখ্যা, কিন্তু অমলিন বন্ধুত্বের এই আবেগ যে চিরন্তন-পূর্ণিমার এই ভিডিওটি যেন সেই সত্যকেই আরেকবার মনে করিয়ে দিল।

এসএইচ 

Link copied!