ছবি: সংগৃহীত
অভিনয় দিয়ে কালেভাদ্রে আলোচনায় এলেও ব্যক্তিজীবনের নানা খবরে মুখে মুখে থাকে পরীমণির নাম। কদিন আগে জন্মদিন উদযাপন করে সংবাদমাধ্যমে জায়গা পাওয়ার পর এবার নতুন খবরের শিরোনাম হয়েছেন তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করলেও আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সেখানে বলা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি।
পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়ার দিনও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
২০২২ সালের ৬ জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম। ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
মামলায় বাদী উল্লেখ করেন, পরীমণি ও তাঁর সহযোগীরা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করে মূল্য পরিশোধ করেন না এবং পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন।
পরে বাদী নাসির উদ্দিন ও তাঁর সহযোগী শাহ শহিদুল আলম রাত ১টা ১৫ মিনিটে ক্লাব ত্যাগ করার সময় পরীমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডেকে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন।
এতে নাসির রাজি না হওয়ায় পরীমণি তাঁকে গালমন্দ করেন এবং একপর্যায়ে বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারলে তিনি মাথায় ও বুকে আঘাত পান। বাদী আরও উল্লেখ করেন, আসামিরা তাঁকে মারধর ও হত্যার হুমকি দিয়ে বোট ক্লাবে ভাঙচুর চালিয়েছেন। এই ঘটনা ধামাচাপা দিতেই পরীমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেছিলেন।
এসএইচ