একটার তো ভিডিও পেয়েছেন, ৫টিতে নেচেছি, বেশ করেছি: মোনামি

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১১:৪৩ এএম
একটার তো ভিডিও পেয়েছেন, ৫টিতে নেচেছি, বেশ করেছি: মোনামি

ছবি: সংগৃহীত

নিজের একমাত্র ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠানের নাচের একটি ভিডিও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। ব্যক্তিগত পরিসরে শেয়ার করা ভিডিওটি কীভাবে গণমাধ্যমে গেল, সে প্রশ্ন তুলে সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

ফেসবুক পোস্টে মোনামি জানান, তাঁর এক বন্ধুর শেয়ার করা ওই ভিডিওটি কেবল বন্ধুদের দেখার জন্যই উন্মুক্ত ছিল। পরে তিনি নিজের ওয়ালেও সেটি একইভাবে শেয়ার করেন। বন্ধু তালিকার বাইরের কারও পক্ষে ভিডিওটি দেখা সম্ভব নয় বলেই তাঁর ধারণা ছিল। কিন্তু সেটি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে জানতে পেরে তিনি বিস্মিত ও ক্ষুব্ধ হন।

যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠিয়েছেন, তাঁর উদ্দেশে এই শিক্ষিকা লেখেন, হয়তো সামান্য কিছু অর্থ উপার্জনের আশায় এমন কাজ করা হয়েছে। তবে ওই ব্যক্তির প্রতি তাঁর পরামর্শ, তিনি যেন আল্লাহর কাছে সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পাওয়ার প্রার্থনা করেন।

নিজের নাচ ও সমালোচনা প্রসঙ্গে মোনামি স্পষ্ট জানান, বয়স কিংবা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি মোটেও ভাবিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গড়ন থাকা জরুরি—এমন প্রচলিত ধারণার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ভিডিওটি প্রকাশ্যে এলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, এমন আশঙ্কা আগে থেকেই ছিল বলে উল্লেখ করেন মোনামি। তবে এসব নিয়ে তিনি মোটেও বিচলিত নন। তাঁর ভাষ্যমতে, অনুষ্ঠানটি ছিল তাঁর একমাত্র ভাইয়ের গায়েহলুদ এবং ভাইয়ের এই বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর অনেক দিনের।

অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না, বরং নাচের মধ্য দিয়ে নিজের আনন্দই প্রকাশ করেছেন বলে জানান ঢাবির এই শিক্ষিকা। পোস্টের একদম শেষে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে তিনি লেখেন, একটার তো ভিডিও পেয়েছেন, পাঁচটায় নেচেছি, বেশ করেছি।

এসএইচ 

Link copied!