ছবি : সংগৃহীত
ঢাকা: দেশজুড়ে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের এই আপদকালীন পরিস্থিতি মোকাবিলা, নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফলভাবে সচল রাখতে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটিসহ সব ধরনের ছুটি স্থগিত থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হঠাৎ হাম ও এর উপসর্গ হিসেবে নিউমোনিয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এমন অবস্থায় টিকাদান কর্মসূচি জোরদার করতে এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা দিতে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল।
পিএস
আপনার মতামত লিখুন :