ইরানে হামলা করার আর কিছু নেই, শিগগিরই যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:৩২ পিএম
ইরানে হামলা করার আর কিছু নেই, শিগগিরই যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানে লক্ষ্যবস্তু করার মতো বড় সামরিক স্থাপনা এখন প্রায় শেষ হয়ে এসেছে।

বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া প্রায় পাঁচ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “এখানে-সেখানে সামান্য কিছু লক্ষ্যবস্তু বাকি আছে। আমি চাইলে যেকোনো সময় এই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে।”

ট্রাম্পের বক্তব্যে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযান ইতোমধ্যে নির্ধারিত অনেক লক্ষ্য অর্জন করেছে। তার দাবি, শুরুতে ছয় সপ্তাহে যতটা ক্ষয়ক্ষতি ঘটানোর পরিকল্পনা ছিল, বাস্তবে তার চেয়েও বেশি ক্ষতি ইতোমধ্যে করা হয়েছে।

তবে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তারা জানিয়েছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। বরং ইরানের ওপর অন্তত আরও দুই সপ্তাহ হামলা চালানোর প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, নির্দিষ্ট কোনো সময়সীমা মেনে এই অভিযান পরিচালিত হচ্ছে না। তার ভাষায়, “সব লক্ষ্য পূরণ এবং চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর সময় স্পষ্ট কোনো সমাপ্তি পরিকল্পনা ছিল না। ফলে এখন পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে দ্রুত কোনো সাফল্যের ঘোষণা দিয়ে সংঘাতের ইতি টানতে চাইতে পারেন ট্রাম্প—এমন ধারণাও প্রকাশ করছেন অনেক পর্যবেক্ষক।

এম

Link copied!