ফাইল ছবি
ঢাকা: সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরুর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। লেবাননে হিজবুল্লাহর কর্মকাণ্ড বন্ধে ইরান ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই লেবাননে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হবে। অন্যথায় গত সপ্তাহের হামলার চেয়েও শক্তিশালী আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র।
এমন মন্তব্যের সময়ই সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সংঘর্ষ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াইয়ে আঞ্চলিক উত্তেজনা আবারও বেড়ে যায়।
শনিবার পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। তবে একই দিন সন্ধ্যায় সংঘর্ষ বন্ধের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যেখানে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে বৈরিতা ও সংঘাত কমানোর বিষয়ে সম্মতি দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে সুইজারল্যান্ডে চলমান আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আলোচনার শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রাখার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, অবশিষ্ট চ্যালেঞ্জগুলোও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে।
ভ্যান্স আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে লেবাননের সংঘাত নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসআই
আপনার মতামত লিখুন :