সোনার দামে উর্ধ্বগতি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৩৭ পিএম
সোনার দামে উর্ধ্বগতি

ফাইল ছবি

ঢাকা: বিশ্ববাজারে সোনার দাম আবারও বেড়েছে। মার্কিন ডলারের সামান্য দুর্বলতার কারণে এ দাম বৃদ্ধি পেলেও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার–সংক্রান্ত অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,১০৫.৪০ ডলারে দাঁড়িয়েছে। আগের দিন বুধবার এটি ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। একই সঙ্গে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,১১৪.৮০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের শক্তি কিছুটা কমে যাওয়ায় সোনার দাম ঘুরে দাঁড়িয়েছে। তবে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বহাল থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার ওপর চাপ অব্যাহত থাকতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং এর জেরে পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনার জন্য যোগাযোগ করেছে, যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা কিছুটা কমিয়েছে।

বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। বাজারের ধারণা, আগামী সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে এইচএসবিসি ২০২৬ ও ২০২৭ সালের জন্য সোনার গড় মূল্য পূর্বাভাস কমিয়েছে। তবে দীর্ঘমেয়াদে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা বাড়বে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।

অন্যদিকে, বিশ্ববাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে।

পিএস

Link copied!