ছবি : সংগৃহীত
ঢাকা: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে মাহারা কারাগারে দাঙ্গার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এক বন্দি নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দেশটির পুলিশ জানায়, শনিবার কারাগারের ভেতরে বন্দিদের দাঙ্গায় একাধিক ভবন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সঞ্জীবা মেদাওয়াত্তে সাংবাদিকদের বলেন, 'সেনাবাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কমান্ডো সদস্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বন্দিদের আবার তাদের কক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।'
তিনি জানান, দাঙ্গার সময় বন্দিরা কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নতুন নির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।
মাহারা কারাগারের ধারণক্ষমতা প্রায় এক হাজার হলেও বর্তমানে সেখানে প্রায় ৪ হাজার ১০০ বন্দি রয়েছেন। অর্থাৎ, কারাগারটি তার ধারণক্ষমতার প্রায় চার গুণ বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে। অতিরিক্ত বন্দির চাপ শ্রীলঙ্কার অধিকাংশ কারাগারেই দীর্ঘদিনের সমস্যা।
এর আগে ২০২০ সালের নভেম্বরে একই কারাগারে দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১ বন্দি নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়েছিলেন।
এ ছাড়া, প্রায় এক মাস আগে একই অঞ্চলের আরেকটি কারাগারে সংঘটিত দাঙ্গায় ১০ জন কারারক্ষী ও ২১ জন বন্দি নিহত হন।
কারাগারগুলোতে অতিরিক্ত বন্দির চাপ কমাতে গত মাসে পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছিল শ্রীলঙ্কা সরকার।
দেশটির কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার কারাগারগুলোর বন্দিদের তিন-চতুর্থাংশেরও বেশি বিচারাধীন। তাদের বেশিরভাগই মাদক-সংশ্লিষ্ট মামলায় আটক রয়েছেন।
এসআই