লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে ২ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০৯:০৯ এএম
লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে ২ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

হরমুজ প্রণালি অঞ্চলে ইরানি দ্বীপ লারাকে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা জবাবে জর্ডানে যুক্তরাষ্ট্রের দু’টি বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি সোমবার ভোরের দিকে এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে চালানো ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরান। ইরানের এই বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে আরও কোনও হামলা হলে তার জবাব আরও কঠোরভাবে দেয়া হবে।

এর আগে রোববার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছেন। জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে এটিই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।

ওই হামলায় এমন কিছু ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়, যেগুলো হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ ছিল। আইআরজিসি জানিয়েছে, ওই হামলায় তাদের কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। এর জবাব দেয়ারও অঙ্গীকার করেছিল তারা।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়ে থাকতে পারে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র রয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে দুই পক্ষ একটি সমঝোতার কাঠামোতে পৌঁছালেও বিরোধ থামেনি। হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে মতবিরোধের পর জুলাইয়ে যুক্তরাষ্ট্র টানা দুই সপ্তাহ ধরে বোমা হামলা চালায় এবং নৌ অবরোধও পুনর্বহাল করে।

এম

Link copied!