রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ০৭:৪৮ পিএম
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন দেশি-বিদেশি নাগরিক। 

হামলায় বিমানবন্দরে পার্ক করে রাখা সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া'র একটি বিমানে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে নিরাপত্তার স্বার্থে ৩৩০টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলাটি বিমানবন্দর প্রাঙ্গণে এবং দ্বিতীয়টি রানওয়ে ও টার্মিনালে থাকা সৌদিয়া এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমানে আঘাত হানে। 

সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (জিএসিএ) এবং সৌদিয়া এয়ারলাইন্স জানিয়েছে, নিহতদের মধ্যে বিমানটির একজন পাইলটও রয়েছেন। অগ্নিকাণ্ডের সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না।

হুথিরা এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর ছাড়াও ইয়েমেন সীমান্তবর্তী নাজরান শহরের একটি বিমানবন্দর এবং খামিস মুসাইত বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। 

হুথি সামরিক মুখপাত্রের দাবি, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি জোটের ৬০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। 

গত বুধবার সিভিল এভিয়েশন বডি জানায়, এর আগে গত ৬ ও ৭ অক্টোবর আবহা ও কিং খালিদ বিমানবন্দরে পৃথক হুথি হামলায় তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছিলেন।

ইয়েমেনের গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সমর্থনের জন্য সৌদি আরবকে লক্ষ্যবস্তু করছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। দ্রুত আক্রমণের মাধ্যমে হুথিরা লোহিত সাগর উপকূলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশ দখল করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত আরও বেড়েছে।

পিএস

Link copied!