প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ মোদির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:৫৯ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা মোদির পাঠানো ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন।

চিঠিতে মোদি নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সুবিধাজনক সময় নির্ধারণ করে দ্রুত ভারত সফরের আমন্ত্রণ জানান তিনি।

এর আগে বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন ওম বিরলা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও গভীর করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। ঢাকায় চীনা দূতাবাস জানায়, বার্তায় লি কিয়াং দুই দেশের ৫১ বছরের কূটনৈতিক সম্পর্কের ভিত্তিকে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও লাভজনক সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন। তিনি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়িয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব’কে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইছি-ও অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। ঢাকায় জাপান দূতাবাসের তথ্য অনুযায়ী, বার্তায় তিনি বাংলাদেশ-জাপান ‘কৌশলগত অংশীদারত্ব’-এর ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের কাছ থেকে অভিনন্দন ও কূটনৈতিক বার্তা পাওয়াকে ঢাকা কূটনৈতিক অঙ্গনে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে সক্রিয় কূটনৈতিক যোগাযোগ আগামী দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম

Link copied!