মার্কিন সামরিক বাহিনী ইরানের আশপাশে অবস্থান করবে: ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১১:৫৩ এএম
মার্কিন সামরিক বাহিনী ইরানের আশপাশে অবস্থান করবে: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানের সঙ্গে একটি 'বাস্তব ও কার্যকর চুক্তি' না হওয়া পর্যন্ত দেশটির আশপাশে মোতায়েন থাকা মার্কিন সামরিক বাহিনী সেখানেই অবস্থান করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাজুক দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই বুধবার (৮ এপ্রিল) গভীর রাতে তিনি এ ঘোষণা দেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জামসহ মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সেনাসদস্যরা ইরান ও তার আশপাশে অবস্থান বজায় রাখবে, যতক্ষণ না সম্পাদিত 'প্রকৃত চুক্তি' পুরোপুরি বাস্তবায়ন হয়।

তিনি আরও বলেন, সমঝোতা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম, তবে কোনো কারণে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আরও বড়, আরও উন্নত এবং আরও শক্তিশালী হামলায় ফিরে যেতে প্রস্তুত থাকবে।

ট্রাম্পের ভাষায়, এর মধ্যে আমাদের মহান সামরিক বাহিনী নতুন প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্রামে রয়েছে- পরবর্তী অভিযানের অপেক্ষায়। আমেরিকা ফিরে এসেছে।

মঙ্গলবার ঘোষিত যুদ্ধবিরতি ইতোমধ্যে কিছুটা নড়বড়ে হয়ে উঠেছে। এ সময় লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং ইরানের কিছু দাবির বিষয়ে ওয়াশিংটনের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। তবে তেহরান জানিয়েছে, এই জলপথের ওপর তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বহাল থাকবে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে শান্তিকালে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়। ফলে এর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ফারসি ভাষার এক বিবৃতিতে দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানিয়েছে। যদিও ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।

পাকিস্তানে সম্ভাব্য আলোচনার আগে ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না এবং হরমুজ প্রণালি নিরাপদ ও উন্মুক্ত রাখা হবে। সূত্র: ফ্রান্স টুয়েন্টি ফোর

এসআই

Link copied!