বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব, দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৮:২২ পিএম
বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব, দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন

ছবি : সংগৃহীত

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাস মালিক-শ্রমিক। সোমবার (২১ সেপ্টেম্বর) বাসভাড়া পুনর্নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহণ  কর্তৃপক্ষ (বিআরটিএ)। ওই বৈঠকেই প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২০ পয়সা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহণ মালিক সমিতি। অর্থাৎ দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে সড়ক পরিবহণ মালিক সমিতি।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহমেদ খোকন জানান, বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু’একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

পিএস

Link copied!