দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে ফের আলোচনা, জানালেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:৫০ এএম
দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে ফের আলোচনা, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যেই এই আলোচনা আবার শুরু হতে পারে এবং তা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদুলু।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদকের সঙ্গে (যিনি ইসলামাবাদে অবস্থান করছিলেন) টেলিফোনে কথা বলার সময় ট্রাম্প বলেন, আপনার সেখানেই থাকা উচিত, কারণ আগামী দুই দিনের মধ্যে কিছু ঘটতে পারে। আমরা সেখানেই যেতে বেশি আগ্রহী। 

তিনি পাকিস্তানের ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির-এর প্রশংসা করে বলেন, ২০২৫ সালের পাকিস্তান-ভারত সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করতে গিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। তিনি অসাধারণ কাজ করছেন, তাই সেখানে যাওয়ার সম্ভাবনা বেশি।

তবে এর প্রায় এক ঘণ্টা আগে একই পত্রিকাকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় না, আমাদের বৈঠক সেখানে হবে। আমরা সম্ভবত অন্য কোনো স্থানে যাব। আমাদের মাথায় আরেকটি জায়গা আছে। দুটি বক্তব্যের মধ্যে এই পরিবর্তনের কারণ স্পষ্ট নয়।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে পরবর্তী দফা আলোচনা নিয়ে ভাবনা-চিন্তা চলছে, বিশেষ করে আগামী সপ্তাহে সম্ভাব্য স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে। তবে এখনো কোনো বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি।

এম

Link copied!