বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজ: কে বসবে মসনদে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:১৪ এএম
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজ: কে বসবে মসনদে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত ফলাফল আজ সোমবার ঘোষণা করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসন বাদে মোট ২৯৩টি আসনে ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনার মাধ্যমে ধাপে ধাপে ফল প্রকাশ করা হবে।

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে টানটান উত্তেজনা। ক্ষমতার মসনদে কারা বসবে— নরেন্দ্র মোদির

 নেতৃত্বাধীন বিজেপি, নাকি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস— তা নিয়ে চলছে জোর আলোচনা ও বিশ্লেষণ। পর্যবেক্ষকদের মতে, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন খুব কমই দেখা গেছে।

এবারের নির্বাচনে দুই দফায় রেকর্ড ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে। ধারণা করা হচ্ছে, দুপুর নাগাদ স্পষ্ট হতে শুরু করবে ফলের প্রবণতা। ২৯৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। বুথফেরত সমীক্ষার বড় অংশ বিজেপির সম্ভাব্য এগিয়ে থাকার ইঙ্গিত দিলেও, ঝুলন্ত ফলাফলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভোট গণনাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজ্যজুড়ে। ৭৭টি গণনাকেন্দ্রে চলছে প্রস্তুতি, যার মধ্যে কলকাতায় রয়েছে পাঁচটি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে ৪৩২ জন সাধারণ পর্যবেক্ষকসহ অতিরিক্ত কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে।

এদিকে কারচুপির আশঙ্কা তুলে সতর্ক অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতাকর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপিও গণনাকেন্দ্রে নজরদারি বাড়িয়েছে এবং প্রয়োজন হলে পুনর্গণনার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, সহিংসতা ও অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা আসনের ফল স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন ওই আসনের ২৮৫টি বুথেই আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি একই দিনে আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতেও ফলাফল প্রকাশিত হবে। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় কেরলে সরকার বদলের ইঙ্গিত দিয়েছে। আসাম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ক্ষমতাসীন জোটের প্রত্যাবর্তনের বার্তা দেওয়া হয়েছে সমীক্ষায়। বিশেষ করে তামিলনাড়ুর ফলাফলের দিকেও নজর সবার। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজের অবস্থান ধরে রাখতে পারবেন কিনা, নাকি নতুন শক্তি হিসেবে অভিনেতা বিজয় থালাপতির দল উঠে আসবে, সেটাও দেখার বিষয়।

এম

Link copied!