চাপের মুখে স্বর্ণ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:২৪ পিএম
চাপের মুখে স্বর্ণ

ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশার জেরে আন্তর্জাতিক বাজারে চাপে রয়েছে স্বর্ণের দাম। শুক্রবার দাম কমার পাশাপাশি সপ্তাহজুড়েও পতনের পথে রয়েছে মূল্যবান এই ধাতু।

স্পট স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১০৩.২৩ ডলারে নেমে আসে। সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমেছে ১.৭ শতাংশ। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৩.৭০ ডলারে নিষ্পত্তি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা এবং এর প্রভাবে তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে মার্কিন ফেডারেল রিজার্ভসহ বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও বাড়াতে পারে—এমন ধারণা জোরালো হয়েছে।

বিশ্লেষকদের ভাষ্য, জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পায়। যদিও স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবে উচ্চ সুদের হার সুদবিহীন এই ধাতুর আকর্ষণ কমিয়ে দেয়। ফলে বিনিয়োগকারীরা সুদ-আয়কারী সম্পদের দিকে ঝুঁকে পড়েন।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে প্রায় ৬৯ শতাংশ। জুন মাসের ফেড বৈঠকের কার্যবিবরণীতেও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং কঠোর মুদ্রানীতির পক্ষে মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে, ভারতে এ সপ্তাহে স্বর্ণ বড় ধরনের ছাড়ে বিক্রি হয়েছে। অন্যদিকে, চীনে চাহিদা স্থিতিশীল রয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জুন মাসে গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে বলে জানিয়েছে।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রূপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫৯.৫৬ ডলারে নেমেছে। তবে প্লাটিনাম ০.৪ শতাংশ এবং প্যালাডিয়াম ২.২ শতাংশ বেড়েছে।

পিএস

Link copied!