নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০২:৩৮ পিএম
নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া

ফাইল ছবি

নতুন জাতীয় বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় আসছে বড় পরিবর্তন। মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়লেও ঢাকার বাইরে ও ভেতরে গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বাস্তবে বাড়িভাড়ার অর্থ খুব একটা কমবে না।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন কাঠামো-২০২৬ চূড়ান্ত অনুমোদন পায়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পে স্কেলে প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার এবং সর্বনিম্নে ২০তম গ্রেডের বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বাস্তবায়ন প্রক্রিয়ায় ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়ার হার মূল বেতনের ৫০-৬৫ শতাংশ থেকে কমিয়ে ৪০-৬০ শতাংশ করা হচ্ছে। অন্যান্য সিটি করপোরেশন ও জেলা পর্যায়েও এই হার কমানো হয়েছে।

একই সঙ্গে বার্ষিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে উচ্চ গ্রেডগুলোতে ইনক্রিমেন্টের হার অপেক্ষাকৃত কম রাখা হয়েছে। অন্যদিকে বয়সভেদে চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং প্রথমবারের মতো সব গ্রেডের জন্য মোবাইল ভাতা চালুর সুযোগ রাখা হচ্ছে। বাড়ানো হচ্ছে যাতায়াত ও টিফিন ভাতাও।

নতুন পে স্কেল বাস্তবায়নের কাজটি ধাপে ধাপে সম্পন্ন হবে। মূল বেতনের প্রথম অংশের কার্যকারিতা শুরুর পর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা চূড়ান্তভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এসএইচ 

Link copied!