সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এছাড়া একই দিনে দেশটির শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টা করা ড্রোন ভূপাতিত করার ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। অন্যদিকে হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকার মধ্যে সৌদি আরবে নিজেদের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলার তথ্য সামনে জানায়। জিএসিএ বলেছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এ ঘটনায় দুজন নিহত হন।
হুতি বাহিনী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদির বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
এর আগে গত সপ্তাহে সৌদি আরব জানিয়েছিল, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন।
এর এক দিন আগে ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে হুতিদের অব্যাহত হামলার মধ্যে বুধবার সৌদি আরবে নিজেদের কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
এছাড়া মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
এমন অবস্থায় বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও সৌদি আরবে হুতিদের সম্ভাব্য আরও হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
এম