সাংবাদিকদের পৃথক বেতন কাঠামোর দাবিতে ডিআরইউর মতবিনিময়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৮:১৪ পিএম
সাংবাদিকদের পৃথক বেতন কাঠামোর দাবিতে ডিআরইউর মতবিনিময়

ছবি: সংগৃহীত

টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিবন্ধন ব্যবস্থা চালু এবং পৃথক বেতন কাঠামো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টাররা। একই সঙ্গে মূলধারার গণমাধ্যমের অধিকার ও মর্যাদা রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আরও সোচ্চার হওয়ার তাগিদ দিয়েছেন তারা।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এসব দাবি উঠে আসে। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সভায় মূলধারার সাংবাদিকতার সুরক্ষা, ভুঁইফোঁড় সাংবাদিকতা প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি বলেন, মূলধারার সাংবাদিকতা বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। অপসাংবাদিকতা ও পরিচয় অপব্যবহার ঠেকাতে একটি স্বচ্ছ নিবন্ধন ব্যবস্থা অত্যন্ত জরুরি। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা যাচাই সাপেক্ষে লাইসেন্স প্রদান ও নিয়মিত বেতন ভাতা নিশ্চিতের আহ্বান জানান তিনি। সাধারণ সম্পাদক জানান, প্রবেশ পর্যায়ে ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ এবং সাংবাদিকদের ছুটি সংক্রান্ত সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সংগঠনটি।

মুক্ত আলোচনায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টাররা তাঁদের মতামত তুলে ধরেন। উঠে আসে টিভি সাংবাদিকদের জন্য দ্রুত ওয়েজ বোর্ড গঠন, আধুনিক প্রযুক্তি ও এআই সম্পর্কিত প্রশিক্ষণ, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মোবাইল সাংবাদিকতার নীতিমালার প্রয়োজনীয়তা। এ ছাড়া ডিআরইউর পক্ষ থেকে বিভিন্ন সংবাদের ভিডিও ফুটেজ সরবরাহ করার নতুন প্রস্তাবও দেন জ্যেষ্ঠ সাংবাদিকেরা। বৈঠকে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!