এশিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুজন দে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০১:২৫ পিএম
এশিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুজন দে

ছবি: সংগৃহীত

সাংবাদিকতা, লেখালেখি ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘এশিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাংবাদিক ও কলামিস্ট সুজন দে। তিনি দৈনিক ভোরের ডাক-এর চিফ রিপোর্টার এবং সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার বিকেলে কক্সবাজারের হোটেল সি ওয়ার্ল্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল। সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী চেয়ারম্যান গোলাম ফারুক মজনু।

দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত সুজন দে বর্তমানে জাতীয় দৈনিক ভোরের ডাক-এর প্রধান প্রতিবেদক এবং ভারতের ত্রিপুরাভিত্তিক গণমাধ্যম ‘হেডলাইনস ত্রিপুরা’-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনীতি, মানবাধিকার, সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত কলাম লিখে আসছেন। সাধারণ মানুষের জীবন ও অধিকারের বিষয়গুলো তাঁর লেখায় বিশেষ গুরুত্ব পেয়ে থাকে।

সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি। বর্তমানে তিনি পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন।

সাংবাদিকতা ও সাংগঠনিক অবদানের জন্য এর আগেও দেশ-বিদেশে একাধিক সম্মাননা পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ২০২৪ সালে নেপালের কাঠমান্ডুতে অর্জিত ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’, একই বছর ঢাকা ক্লাবের ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সম্মাননা’, ২০১৯ সালে ভারতের ত্রিপুরার আগরতলা প্রেসক্লাব সম্মাননা, ২০১৮ সালে আসামের ‘ব্যতিক্রম মাসডো অ্যাওয়ার্ড’ এবং ২০১৫ সালে প্রাপ্ত ‘এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’।

এসএইচ 

Link copied!