বাংলাদেশকে যে বার্তা দিল ভারত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:৫২ এএম
বাংলাদেশকে যে বার্তা দিল ভারত

ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে। ভবিষ্যতেও এই ধরনের সমর্থন অব্যহত থাকবে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে বাংলাদেশের জন্য এ বার্তা দেন তিনি। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যৌথ ত্যাগের অমোচনীয় স্মৃতি আজও আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

প্রণয় ভার্মা বলেন, ইফতারে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তিনি উল্লেখ করেন, দুই প্রাণবন্ত ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ অভিন্ন সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে এক প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

পিএস

Link copied!