শেষ মুহুর্তে বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে আলোচনায় যারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০২:২৪ পিএম
শেষ মুহুর্তে বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে আলোচনায় যারা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আর কতদিন দায়িত্বে থাকবেন-তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন নাকি তাকে অভিশংসনের মুখে পড়তে হবে-এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতিতে।

আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অপসারণে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন। অতীতে এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী-কে অভিশংসনের উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তবে সেই ঘটনা তৎকালীন সরকারের জন্য বিব্রতকর হয়েছিল বলে এখনো রাজনৈতিক মহলে আলোচনা আছে। তাই বর্তমান সরকার আপাতত অভিশংসনের পথে না গিয়ে কৌশলী অবস্থান নিচ্ছে বলে জানা গেছে।

সরকারি সূত্র বলছে, জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ বিষয়ে সময় নিচ্ছে সরকার। সংসদের বিরোধী দলগুলোর চাপ থাকলেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তে যেতে চায় না ক্ষমতাসীনরা। পাশাপাশি নতুন রাষ্ট্রপতি নিয়োগের সময়কাল নিয়েও রাজনৈতিক হিসাব-নিকাশ চলছে।

রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় আছেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়। তবে অসুস্থতার কারণে মোশাররফ হোসেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে যেমন চমক দেখিয়েছেন, রাষ্ট্রপতি পদেও তেমন কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত আসতে পারে। ফলে শেষ পর্যন্ত কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি-তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা আরও বাড়ছে।

এসএইচ 

Link copied!