ছবি : সংগৃহীত
ঢাকা: নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, এদিন সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে প্রথমে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য দেবেন।
এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন করবেন তারেক রহমান।
প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী ১৫ জন কৃষককে নিজ হাতে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন ও গাছের চারা তুলে দেবেন।
এদিন সকাল ৮টা ৫২ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরাসরি স্টেডিয়ামে আসবেন বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সদরের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “পহেলা বৈশাখের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইল আসছেন। আমরা সবাই তার প্রতীক্ষায় আছি। এই দিন টাঙ্গাবাসীর জন্য একটি ঐহিহাসিক দিন।
“জননেতা তারেক রহমানের সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল—বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ভাগ্য পরিবর্তনে কৃষক কার্ড চালু করবে। তারই অংশ হিসেবে আজকে কৃষক কার্ড প্রবর্তনের প্রি-পাইলটিং পর্যায়ে এই কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে।”
কৃষক-কৃষানিরা নানা রঙের পোশাক পরে স্টেডিয়ামে এসেছেন। নববর্ষ উদযাপনে তাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পাচ্ছেন- এ ভেবেই তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
পিএস
আপনার মতামত লিখুন :