বাংলাদেশ পুলিশে আবারও আসছে ইউনিফর্মে পরিবর্তন। মাঠপর্যায়ের সদস্যদের অসন্তোষ এবং জনমতের প্রতিফলন ঘটিয়ে নতুন পোশাক নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যবহৃত ‘লৌহ’ রঙের শার্ট ও ‘কফি’ রঙের প্যান্ট নিয়ে দীর্ঘদিন ধরেই সদস্যদের মধ্যে অস্বস্তি বিরাজ করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোশাক নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের ঘটনাও বাড়তে থাকায় অনেক সদস্য পেশাগতভাবে বিব্রত বোধ করছিলেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে ইউনিফর্মে পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
নতুন প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা জলপাই (লাইট অলিভ) রঙের, আর জেলা ও অন্যান্য ইউনিটের সদস্যরা পরবেন গাঢ় নীল (ডিপ ব্লু) শার্ট। সবার জন্য প্যান্টের রঙ নির্ধারণ করা হয়েছে খাকি। তবে এ পরিবর্তন এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, নতুন ইউনিফর্ম সাধারণ মানুষের কাছে পুলিশকে আরও সহজে চিহ্নিতযোগ্য করে তুলবে। তাদের মতে, আগে ব্যবহৃত খাকি ও নীলের সমন্বয় দেশের আবহাওয়া ও বাস্তবতার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ ছিল, যা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
লজিস্টিকস শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এ পরিবর্তনের জন্য আলাদা কোনো আর্থিক চাপ পড়বে না। নিয়মিত বরাদ্দের আওতায়ই ধাপে ধাপে নতুন পোশাক সরবরাহ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হলেই মাঠপর্যায়ে দ্রুত বাস্তবায়ন শুরু হবে।
এম
আপনার মতামত লিখুন :