সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবিতে প্রেসক্লাবে বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:৩৯ পিএম
সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবিতে প্রেসক্লাবে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের খুরুশকুলে পুরোহিত নয়ন সাধুকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সনাতন পার্টি। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দোষ বন্দীদের মুক্তির দাবিও জানানো হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাব–এর সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি অনুপ কুমার দত্ত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন কুমার রায়। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিকভাবে হামলা, হত্যা, জমি দখল, মন্দির ভাঙচুর ও হয়রানিমূলক মামলা চলছে। এসব ঘটনার ন্যায়বিচার না হওয়ায় উদ্বেগ বাড়ছে বলে তারা উল্লেখ করেন। কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

একই সঙ্গে আট দফা দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দীদের মুক্তির আহ্বান জানান বক্তারা। তারা বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন এখন সময়ের দাবি।

কর্মসূচিতে আরও বলা হয়, বিভিন্ন সরকারের আমলেই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ রয়েছে। তাই এ সংকটের স্থায়ী সমাধানে কার্যকর নীতিমালা ও আইনি সুরক্ষা জরুরি।

সমাবেশের শেষদিকে সরকারের কিছু উদ্যোগের প্রশংসা জানিয়ে বক্তারা বলেন, ইতিবাচক পদক্ষেপের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইন প্রণয়ন ও বিচারহীনতার অবসান ঘটানোই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।

এসএইচ 
 

Link copied!