ছবি : সংগৃহীত
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান সব প্রকৌশল ডিপার্টমেন্টের রেট শিডিউল এক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেক সভায় এই নির্দেশ দেন তিনি।
সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্প অনুমোদনের সময় তিনি এই নির্দেশনা দেন।
গণপূর্ত অধিদপ্তর, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পৃথক পৃথক রেট সিডিউলে প্রকল্প বাস্তবায়ন করে। সবার রেট শিডিউল এক করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ব্যয় সাশ্রয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী।
একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রকল্পটি অনুমোদনের সময় আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি নিয়ে বাবা জিয়াউর রহমানের স্বপ্নের কথা উল্লেখ করেন তিনি।
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
পিএস
আপনার মতামত লিখুন :