ফাইল ছবি
ঢাকা: প্রকাশ করা হলো ৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল। লিখিত পরীক্ষায় ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।
এতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এ ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। তবে এটি সাময়িক ফল। মৌখিক (ভাইভা) পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ফলাফল গ্রহণযোগ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জনের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা রয়েছেন। প্রকাশিত তালিকায় রোল নম্বরগুলো মেধাক্রম অনুযায়ী নয়; রোল বা নিবন্ধন নম্বরের ক্রমানুসারে সাজানো হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
ফল জানতে এখানে ক্লিক করুন।
পিএস