ভারপ্রাপ্ত স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৩৬ পিএম
ভারপ্রাপ্ত স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

ছবি : সংগৃহীত

ঢাকা: পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাফিজ উদ্দিন আহমদ।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। তার পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। ফলশ্রুতিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।”

হাফিজ উদ্দিন আহমদ আরো বলেন, “সংবিধান অনুযায়ী, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি, যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকারও যখন ডেপুটি স্পিকারের শপথ নেন এতে বর্ণিত থাকে, যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে, তখন ডেপুটি স্পিকার স্পিকার পদের দায়িত্ব পালন করবে।”

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “তিনি (মো. সাহাবুদ্দিন) শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। আমার মনে হয়, তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে, তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি।”

পিএস

Link copied!