মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা আঘাত যুক্তরাষ্ট্র ও সৌদির

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৯:৩৮ এএম
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা আঘাত যুক্তরাষ্ট্র ও সৌদির

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালির কাছে অবস্থিত একটি বন্দর থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। গত ৮ জুলাইয়ের ছবি। ছবি: সংগৃহীত

তিন দিন শান্ত থাকার পর মধ্যপ্রাচ্যে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। গভীর রাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই হামলার জবাবে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে যৌথ পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। নতুন করে শুরু হওয়া এই হামলা-পাল্টা হামলার জেরে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় পড়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৩টা ৪৫ মিনিট) ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, নিক্ষেপ করা সব কটি ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেনি সেন্টকম।

এই ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক রসদ ও অস্ত্রের স্থাপনায় যৌথ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিমানবাহিনী। সেন্টকমের দাবি, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশে চালানো ৩০টির বেশি ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। তেহরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো হামলা বন্ধ না করলে মার্কিন সামরিক জবাব অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এই পাল্টা হামলার বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এর আগে গত মঙ্গলবার সৌদি আরব জানিয়েছিল, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ধেয়ে আসা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করে বলেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো এই ড্রোনগুলো ছুড়েছিল।

নতুন করে উত্তেজনা শুরুর মাত্র এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে তাদের ‘খুবই ইতিবাচক আলোচনা’ চলছে। টানা তিন দিন কোনো হামলা-পাল্টা হামলা না হওয়ায় দুই দেশের বরফ গলার আভাস পাওয়া যাচ্ছিল। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সেখানে নৌ চলাচলের অধিকার নিয়ে দুই পক্ষের মূল অচলাবস্থা এখনো কাটেনি। অবশ্য তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার খবর অস্বীকার করে আসছে।

পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। এর মধ্যে ৪১৭ জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন। নতুন এই হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

এম

জাতীয় বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!