পে-স্কেল বাস্তবায়নের যে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০১:৫৩ পিএম
পে-স্কেল বাস্তবায়নের যে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

ফাইল ছবি

নতুন জাতীয় পে-স্কেল একবারে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কোষাগারের অর্থ সংকট ও বিশাল আমদানিনির্ভরতার কারণে রাজস্ব আদায়ে টান পড়ার বিষয়টিকে তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে বিষয়টি নিয়ে সরকারের অভ্যন্তরে জোরালো কাজ ও হিসাব-নিকাশ চলছে বলে জানান তিনি।

সোমবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে কর-জিডিপি অনুপাত বিশ্বজুড়ে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তবে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় রাজস্ব আদায়ে অগ্রগতি দেখা যাচ্ছে। বিশেষ করে এনবিআর পুনর্গঠন ও ব্যবস্থাপনা জোরদার করার ফলে অর্থ সংগ্রহে নতুন গতি আসার প্রত্যাশা করা হচ্ছে।

ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ না নেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, সরকার এবার বিকল্প আর্থিক ব্যবস্থার কথা ভাবছে। ব্যাংক থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাত প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হয়, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।

চলতি অর্থবছরের জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার যে কথা ছিল, সে বিষয়ে সরকারের কাজ চলমান রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন। ইচ্ছ থাকা সত্ত্বেও দেশের অর্থনৈতিক বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের পুরো সুযোগ-সুবিধা একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না, তবে ধাপে ধাপে তা বাস্তবায়নের স্পষ্ট বার্তা মিলেছে এই বক্তব্যের মাধ্যমে।

এসএইচ 

Link copied!