ছবি : সংগৃহীত
ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটে অ্যাম্বুলেন্সে প্রায় চার ঘণ্টা আটকে থেকে মারা গেছেন আমিরুন্নেছা নামের এক রোগী। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। তবে দীর্ঘ যানজটের কারণে কুমিল্লার দাউদকান্দিতে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন জানান, শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছানোর পর তীব্র যানজটে আটকা পড়ে তাদের অ্যাম্বুলেন্সটি। এরপর দীর্ঘ চার ঘণ্টা গাড়ি প্রায় স্থবির হয়ে থাকায় শেষ পর্যন্ত রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান আমিরুন্নেছা।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, যানজটের মধ্যে অ্যাম্বুলেন্সে রোগী মারা যাওয়ার বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।
এদিকে, মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতু সংস্কারের কাজকে কেন্দ্র করে এ যানজটের সৃষ্টি হয়। সেতুর ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হয়েছিল। গর্তটি দিন দিন বড় হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। শনিবার বেলা ১১টা পর্যন্তও যানজট অব্যাহত ছিল।
দীর্ঘ যানজটে আটকে পড়া যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই খাবার ও পানির সংকটে পড়েছেন।
স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, শুক্রবার মধ্যরাত থেকে তিনি যানজটে আটকে আছেন। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
মাহাবুব নামে এক বাসযাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তারা একই জায়গায় আটকে আছেন। এত দীর্ঘ যানজটের কারণও অনেক সাধারণ যাত্রী জানেন না।
কাঁচপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে।
এসআই