ছবি: সংগৃহীত
নিজেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পরিচয় দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার ও নিয়ম ভেঙে কর্মস্থল ত্যাগের অভিযোগে বরখাস্ত হয়েছেন অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী। শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রশাসনিক তদন্তের পর তার বিরুদ্ধে চূড়ান্ত এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।
গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে টুটুল চক্রবর্তীর বরখাস্তের আদেশ আনুষ্ঠানিকভাবে জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের নভেম্বরে। অফিসে কোনো প্রস্থান প্রতিবেদন জমা না দিয়েই তিনি কর্মস্থল ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। অনুমোদিত ছুটির নির্ধারিত সময়ের আগেই তিনি বিমানবন্দর পৌঁছান। সেখানে শাহ মখদুম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তিনি নিজেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পরিচয় দেন।
অনুসন্ধানে উঠে এসেছে, তিনি একাধিকবার জ্যেষ্ঠ কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জের সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বিষয়টি একাধিক গোয়েন্দা সংস্থার নজরে আসার পর পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এর পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।
পরবর্তী সময়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে অসদাচরণের অভিযোগের সত্যতা পান। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি মাস থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক রয়েছেন বলেও উল্লেখ করা হয়।
সব আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত নেওয়া হয়। কমিশনের ইতিবাচক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া এই কর্মকর্তা কর্মজীবনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং কুমিল্লা ও সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এসএইচ