ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেলকোচ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৫:৫৯ পিএম
ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেলকোচ

ছবি : সংগৃহীত

ঢাকা: চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছায়। দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো সৈয়দপুর রেলওয়ের কারখানায় নেওয়া হবে। 

গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা এলাকা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচগুলো যাত্রা শুরু করে। এরপর কোচগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে। শুক্রবার দুপুরে সেখান থেকে রওনা হয়ে ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো বুঝে নেন।

নতুন কোচগুলো লাল-সবুজ রঙে রাঙানো হয়েছে। এর মধ্যে তিনটি এসি চেয়ার কোচ, এসি বার্থ, লাগেজ ভ্যান এবং ১১টি শোভন চেয়ার কোচ রয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো সৈয়দপুরে রেলওয়ের নিজস্ব কারখানায় নেওয়া হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো রেলের বহরে যুক্ত হবে।

২০২৪ সালের মে মাসে বাংলাদেশ সরকার একটি প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। প্রতিষ্ঠানটি কয়েক ধাপে বাংলাদেশকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করবে। প্রথম চালানে ১৮টি কোচ এসেছে। এখনো বাকি ১৮২টি কোচ দেশে আসার কথা রয়েছে।

পিএস

Link copied!