আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৮:৪৫ এএম
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করার জন্য ঢাকা-টোকিওর কূটনীতিকরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। জাপান সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি-বেসরকারি বৈঠকে অংশগ্রহণ ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন বলে প্রাথমিকভাবে সফরসূচি নির্ধারিত হয়েছে। 

এ ছাড়া প্রধানমন্ত্রী জাপানের ফুৎসু সিটি, চিবাতে এলএনজি টার্মিনাল এবং পাওয়ার প্লান্ট, ইউনিক্লো কোম্পানির হেডকোয়ার্টার এবং নাগোয়াতে টয়োটার কারখানা পরিদর্শন করবেন বলে সফরসূচি প্রস্তুত করা হয়েছে।

পররাষ্ট্র সচিব আরও জানান, বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক বর্তমানে ‘কৌশলগত অংশীদারিত্ব’ পর্যায়ে বিদ্যমান, যার আওতায় বাংলাদেশে অবকাঠামোগত স্থাপনা, প্রযুক্তিগত উৎকর্ষ, মানবসম্পদ উন্নয়ন, নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং আরও কার্যক্রমের পরিকল্পনা এ সফরে আলোচনা হবে। বিদ্যমান ‘কৌশলগত সহযোগিতা’র প্রেক্ষাপটে আসন্ন সফরটি দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও সুদূরপ্রসারী করার একটি সময়োপযোগী সুযোগ সৃষ্টি করেছে। 

বিশেষত চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর হওয়ায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সফরে ইপিএ চুক্তি কার্যকর বাস্তবায়ন, বাংলাদেশি পণ্যের জাপানি বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পৃক্ততা জোরদারের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, দক্ষতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নসহ নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

পররাষ্ট্র সচিব আরও বলেন, বাংলাদেশ ও জাপানের সরকার গত মঙ্গলবার ঢাকা সময় দুপুর ১টা এবং টোকিও সময় বিকাল ৪টায় একই সঙ্গে এই সফর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী, উপদেষ্টা-অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, প্রতিমন্ত্রী-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, উপদেষ্টা-ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, চেয়ারম্যান-ইনভেস্ট বাংলাদেশ অথরিটি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ (এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মসংস্থান বিষয়ক) সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, মিডিয়া টিম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি প্রতিনিধি দলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে উল্লিখিত প্রতিনিধি দল গমনাগমন করবেন।

টোকিওতে অবস্থিত বাংলাদেশ মিশন জানিয়েছে, জাপানে বাংলাদেশের রফতানি ২০২৪ সালের ১.২৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ১.২৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এ ছাড়া মেগা-প্রকল্পগুলোতে জাপানি সহযোগিতা বিনিয়োগ পরিবেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। জাপান শ্রমবাজারের গুরুত্ব বিবেচনা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঢাকায় ‘জাপান সেল’ গঠন করেছে। 

এসআই

Link copied!