ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এ লক্ষ্যে পাঁচ ধাপে মোট ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।
প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে বলে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।
কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।
ইসি ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে।
সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।
এসএইচ