১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে চায় বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৯:৫৮ এএম
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে চায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পথ সুগম করতে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে বাংলাদেশ। এ সময়ের মধ্যে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়ানমারে রোহিঙ্গা জেনোসাইডের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় এবং এটির তাৎপর্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আইসিজের এ রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আদালত মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সঙ্গে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জাতিগত পরিচয় রয়েছে। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছে।’
তিনি বলেন, ‘কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, বিধি-নিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার সংকুচিত করা হয়েছে।

জেনোসাইড প্রতিরোধে মিয়ানমারের ব্যর্থতা এবং ২০২০ সালে আইসিজের দেওয়া অন্তর্বর্তী আদেশ অনুযায়ী প্রমাণ সংরক্ষণের বাধ্যবাধকতা পালনে দেশটির ব্যর্থতার বিষয়টিও রায়ে উঠে এসেছে।’

হুমায়ুন কবির বলেন, ‘আইসিজের এ রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মামলার পক্ষগুলোর জন্য রায় প্রতিপালন আইনগতভাবে বাধ্যতামূলক।’

ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, ‘জেনোসাইডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ জন্য বহুপক্ষীয় অংশীদার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ এ মামলার আনুষ্ঠানিক পক্ষ নয়। তবে প্রতিবেশী দেশ হিসেবে প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং দীর্ঘদিন ধরে মানবিক সংকটের ভার বহন করার কারণে মামলার বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আইসিজের এই ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে। তবে এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টায় এ সংকটের সমাধান সম্ভব নয়।’

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী অবস্থান প্রয়োজন। বাংলাদেশ এই সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে কাজ করে যাবে।’

এসআই

Link copied!