ছবি: সংগৃহীত
ঢাকা: বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজে জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।
তবে এ সময়ে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। ফলে রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির অর্ধেক উৎপাদন সক্ষমতা বন্ধ থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, শীতের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কম রয়েছে। ফলে আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে সমস্যা হবে না।
পিএস