পক্ষপাত নয়, আমরা ন্যায়সঙ্গত নির্বাচন চাই: সিইসি নাসির উদ্দিন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৩:৪৪ পিএম
পক্ষপাত নয়, আমরা ন্যায়সঙ্গত নির্বাচন চাই: সিইসি নাসির উদ্দিন

নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় সাড়ে আটশ’ উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। তাই বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের মতো দেশে নির্বাচন পরিচালনা কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক চ্যালেঞ্জ চোখে দেখা যায়, আবার অনেক চ্যালেঞ্জ অদৃশ্য রয়ে যায়।’

তিনি আরও জানান, সরকারের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। এ সময় তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের শপথ করান।

সিইসি বলেন, ‘আপনারা কারও পক্ষ নেবেন না। কোনো দলের পক্ষেও কাজ করবেন না। আমরা শপথ রক্ষা করব আপনাদের ভূমিকার ওপর নির্ভর করে। বিশেষ পরিস্থিতির এ নির্বাচনে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে।’

এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘আমরা সময়ের ক্রসরোডে দাঁড়িয়ে আছি। নির্বাচনী ব্যবস্থার ভেঙে পড়া এবং পচা নির্বাচনই জুলাই অভ্যুত্থানের মূল কারণ। আমরা আর কখনো পচা নির্বাচন করব না। পক্ষপাতমূলক দুষ্ট নির্বাচনের জন্য ইসি আপনাদের চাপ দেবে না। নির্বাচনে কেউ অনিয়ম করলে তার দায়ভার তাকেই নিতে হবে, কমিশন কোনো দায়িত্ব নেবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রমুখ।

এসএইচ
 

Link copied!