ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তোহিদ হোসেন। তিনি বলেন, জনগণ যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাত বা অনিয়ম না থাকে, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বরগুনা জেলা প্রশাসকের রজতজয়ন্তী সম্মেলন কক্ষে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। দায়িত্ব পালনের সময় কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠানের পক্ষপাতিত্ব কোনোভাবেই সহ্য করা হবে না। একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে—নির্বিঘ্ন ভোটগ্রহণ, সঠিকভাবে ভোট গণনা এবং সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা।
গণভোট প্রসঙ্গে তোহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতেই থাকবে। দেশের বর্তমান বাস্তবতা ও জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :