ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত এমপিরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর থেকে সংসদ ভবনের প্রধান ফটক দিয়ে একে একে প্রবেশ করেন দলটির নির্বাচিত সদস্যরা। সকাল ১০টায় সংসদের নির্ধারিত শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সংসদীয় রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের শপথগ্রহণই প্রথমে সম্পন্ন হবে। সে অনুযায়ী দলটির সংসদ সদস্যরা নির্ধারিত সময়েই শপথ নিচ্ছেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি প্রবেশপথে কড়াকড়ি তল্লাশি লক্ষ্য করা গেছে।
টানা তিনটি সংসদ মেয়াদ—প্রায় ১৫ বছর—পর বিএনপির প্রতিনিধিরা আবারও জাতীয় সংসদে প্রবেশ করছেন। দলটি ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন বয়কট করেছিল। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও ভোট কারচুপির অভিযোগ তুলে পরবর্তীতে সংসদে সক্রিয় ভূমিকা রাখেনি।
আজকের শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমে বিএনপির অংশগ্রহণ শুরু হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
এম
আপনার মতামত লিখুন :