ফাইল ছবি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে নিজ নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংযুক্ত করা কর্মকর্তারা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এই পরিবর্তন এলো। এর আগে সরকার গঠনের আগের তিন দিনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ এবং প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া নিজ নিজ পদ থেকে সরে যান। পরে চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
সচিবালয়ের একাধিক সূত্র বলছে, প্রশাসনে আরও পরিবর্তন আসতে পারে। খালি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ কয়েকটি সচিব পদে নতুন নিয়োগের পাশাপাশি চুক্তিভিত্তিক কয়েকজন কর্মকর্তার জায়গায়ও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মাঠ প্রশাসনে জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ পদেও রদবদল হতে পারে বলে আলোচনা চলছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের সময় প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। সে সময় বিপুলসংখ্যক সিনিয়র সচিব, সচিব ও অতিরিক্ত সচিবকে অবসরে পাঠানো ও ওএসডি করা হয় এবং বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে সচিব ও সমপর্যায়ের অন্তত ১৬ জন কর্মকর্তা চুক্তিতে আছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকার প্রশাসনে পরিবর্তন আনবে, এটি স্বাভাবিক। তবে তারা আশা করছেন, যোগ্যতা ও মেধাকেই প্রাধান্য দেওয়া হবে এবং কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করা হবে। ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারেও প্রশাসনে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতির প্রতিশ্রুতি রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :