নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১০:৩৮ এএম
নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

দেশের নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নিতে বিশেষ সেল গঠন করেছে সরকার। এ উদ্যোগের নেতৃত্বে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৩ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে ৮ সদস্যের এ সেল গঠনের তথ্য জানানো হয়। সেলের সভাপতি করা হয়েছে মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে।

সেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত সেল নদী-খাল-জলাশয় খনন ও পুনঃখননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন, খনন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং উদ্ভূত সমস্যার সমাধানে দিকনির্দেশনা প্রদান করবে।

এ ছাড়া জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম নেওয়ার কথাও বলা হয়েছে। প্রয়োজনে সদস্যরা আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন।

সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই আদেশটি কার্যকর হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এম

Link copied!