ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিতে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সহায়তার জন্য একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন তিনি। চিঠিটি গ্রহণ করে দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।
বৈঠকের আলোচনার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
তিনি আরও বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও পাইপলাইন চালু রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সহযোগিতা আরও কীভাবে জোরদার করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ বিকল্প উৎস ও আঞ্চলিক সহযোগিতার দিকেও গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :