জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে সংসদে আলোচনা ৩১ মার্চ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:৪৩ পিএম
জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে সংসদে আলোচনা ৩১ মার্চ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

রোববার (২৯ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান জানান, স্পিকারের পরামর্শ অনুযায়ী তিনি নোটিশ উত্থাপন করেছেন এবং আশা করেন এটি আলোচনার জন্য অনুমোদিত হবে। তবে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম সংসদীয় প্রথা অনুযায়ী নোটিশ ৭১ ধারা শেষ হওয়ার পর উত্থাপিত হওয়া উচিত বলে মন্তব্য করেন এবং বিরোধী দলীয় নেতাকে অপেক্ষার অনুরোধ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে বলেন, সংবিধান বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ ও দেশের বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার প্রয়োজন। কিন্তু ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চূড়ান্ত সিদ্ধান্ত দেন—৩১ মার্চ বিকেল ৩টা থেকে দুই ঘণ্টাব্যাপী এই বিষয় আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে পুনরায় বক্তব্য দিতে চাইলে স্পিকার তার মাইক বন্ধ করে দেন এবং বলেন, “মাননীয় মন্ত্রী, আপনি বসেন, মাই ডিসিসন হ্যাভ বিন প্রনাউন্সড।”

ডা. শফিকুর রহমান বলেন, তিনি স্পিকারের নির্দেশনা অনুযায়ী নোটিশ উত্থাপন করেছেন। তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ আহ্বানের বিষয়টি আলোচনা হওয়া উচিত।”

চূড়ান্তভাবে ডেপুটি স্পিকার নিশ্চিত করেন, সংবিধান সংস্কার বিষয়ক আলোচনা আগামী ৩১ মার্চ দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। এ ঘোষণার পর সংসদে উত্তেজনা কিছুটা কমে।

এসএইচ 

Link copied!